হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে মুক্তি দিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৩ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ।
বিবৃতিতে রিফাত রশিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মেহেদীকে পুলিশলীগ কতৃক গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বরাষ্ট্র, আইন উপদেষ্টাকে কল দেয়ার পরেও তাদেরকে পাওয়া যায়নি। আইজিপিকে কল দেয়ার পর তার কথাবার্তার টোন সন্তোষজনক না। হবিগঞ্জের এসপির ভাষ্য হলো মাহাদীকে এখনই পুলিশলীগ হ*ত্যা মামলায় এরেস্ট দেখানো হবে না। আপাতত অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সেলুকাস।’
তিনি আরও বলেন, ‘আনঅফিশিয়াল সূত্রে পুলিশের মধ্য থেকে জানানো হয়েছে যে, পুলিশের ইন্টার্নাল প্রেশারে পরেই মাহাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ পুরো পুলিশি আমলাতন্ত্র ছাত্র-জনতার বিপরীতে অবস্থান নিয়েছে।জুলাইয়ের ছাত্রজনতার প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে নির্বাচনকালীন সহিংসতাকারী ট্যাগ দিয়ে সিরিজ গ্রেপ্তারের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানতে পেরেছি।’
রিফাত রশিদ বলেন, ‘আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, ১ ঘন্টার মাঝে মাহাদী হাসানকে মুক্তি দিতে হবে। অন্যথায় দেশজুড়ে কঠোর কর্মসূচির ঘোষণা আসছে। ইউনুস, ইন্টিরিম আর পুলিশলীগের ঘোষণাপত্র আর ইনডেমনিটি ইনডেমনিটি খেলার আমরা শেষ দেখে ছাড়বো।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করা হয়।