মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন জড়িত রয়েছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘ওসমান হাদি ভাইয়ের খুনের সঙ্গে জড়িতরা দেশের অভ্যন্তরে লুকিয়ে আছে নাকি ভারতে পালিয়ে গেছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট কোনো ম্যাসেজ দিতে পারছে না। আমাদের মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। কারণ খুনি পরিচিত, যার সবকিছু প্রকাশ্য, তার একার পক্ষে খুন করে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা সম্ভব নয়। এখানে বড় একটি চক্র কাজ করছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির খুনের পেছনে যে চক্র কাজ করেছে, তাদের খুঁজে শাস্তির আওতায় আনা হোক।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে তিনি বলেন, ‘খুনিরা বাহিরে ঘুরে বেড়ালে গানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। খুনিদের গ্রেপ্তার করা হলে কারো গানম্যানের প্রয়োজন হবে না। যদি খুনিদের শাস্তির আওতায় আনা হয়, তাহলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে যারা খুনের পরিকল্পনা করছে, তারা এ কাজ থেকে বিরত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’

নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে দাবি করে আখতার হোসেন বলেন, ‘আমরা শহিদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচার ও খুনিদের গ্রেপ্তার চাই। তেমনি এমন খুন যেন আর না হয়, সরকার যেন সেটি নিশ্চিত করে, সেটাও চাই। গত দেড় বছরে দেশে হত্যাকাণ্ড, মারামারির ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার ব্যবস্থা নেয়নি। সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে। শান্তি-শৃঙ্খলার সাথে নির্বাচনে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে সরকারকে কাজ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *