বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ‘যত স্বল্প সময়ের মধ্যে হোক আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমি বলব, বাংলাদেশে ষড়যন্ত্র চলছে, তা রুখতে হবে; গণতন্ত্র ফেরাতে হবে। এই হোক আমাদের শপথ।’
আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘আজকের এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের নেতা তারেক রহমান। যার দিকে সবাই তাকিয়ে আছে। আমরা অনেক পথ অতিক্রম করলেও এখনো বেশ কিছু পথ বাকি আছে। আমরা আশা করি, এই তরুণ সমাজ আমাদের সংগ্রামী নেতা তারেক রহমানের নেতৃত্বে বাকি পথটুকু অতিক্রম করে গণতন্ত্র ফেরাতে পারবেন। আমাদের নেতা তারেক রহমান তার বক্তব্যের মাধ্যমে আমাদের নির্দেশনা দেবেন।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ প্রমুখ।