গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় ২৬ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি ২৫ জনের জামিন নামঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি গাইবান্ধা জেলার তিন উপজেলার ৫১ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অন্যান্য অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। এরপর আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, ‘এ ঘটনার মামলায় ২৬ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও নারীসহ ২৫ আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’