কখন বাজবে ছুটির ঘন্টা
মমতা মজুমদার
হৃদয়ের গভীরে আজ দগদগে ক্ষত,
খোকা তুই কোথায় গেলি?
মাকে ছেড়ে পাড়ি দিলি কোন সুদূরে,
একলা একা জ্বলেপুড়ে।
এখন বুঝি তোর ভয় করছে না বাবা আমার?
খুব কষ্ট হলো তোর সারা শরীর ঝলসে গিয়ে!
স্কুল থেকে ফেরার কথা বলেছিলি যাবার বেলায়
আর তো ফেরা হলো না তোর, দগ্ধ হয়ে চলে গেলি আমায় ছেড়ে।
তোর বাবা-ই তোকে ছাড়া ভালো নেই আর।
বোনটা আজও হাসপাতালে ছটফটিয়ে মরছে ধুঁকে।
আমার কথা আর না-ই বা বলি,
ভেতর থেকে পুড়ে অঙ্গার হৃদয়খানি।
তোকে ছাড়া বাঁচব আমি কেমন করে,
বলতো সোনা জাদু আমার?
আর কখনো বায়না করে বলবি না তুই ঘুরতে যাব।
অভিমানে মুখটা বুঝি বাঁকাবি না আর?
তোর বিহনে পুড়ে যাচ্ছে ভেতর বাহির,
মাকে ছাড়া কেমন করে থাকবি একা মাটির ঘরে?
বাবা আমার, আমিও খুব তাড়াতাড়ি আসব ছুটে তোর সাথে রোজ করতে খেলা।
দেখিস এবার ছুটির ঘন্টার অপেক্ষা আর
করব না যে তুই তো ছিলি অপেক্ষায় সে কখন বাজবে ছুটির ঘন্টা।
বাড়ি ফেরার কি তাড়া ছিল মনে, দুষ্টুমিটা করতে পারবি।
একটা বিমান কেড়ে নিলো তোর হাসিমুখ;
আগুন লেগে ঝলসে গেল সারা শরীর,
কন্ঠনালী আর স্বপ্ন যত।
এই ভয়ানক দৃশ্য দেখে বাঁচি আমি কেমন করে?
বলতে পারিস, বাবা আমার, মানিক আমার।
