রাজধানীর সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কার্যালয় শিক্ষা ভবনের সামনের রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাত ১০টায় রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল গণি রোডে এ অবরোধ চলছিল।
জানা গেছে, রবিবার দুপুরে ১টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে আব্দুল গণি রোডে অবস্থান নেন। বিকাল ৩টায় তারা হাইকোর্টের মোড় অবরোধ করেন। রাত সাড়ে ৭টায় সড়ক ছেড়ে দিলেও তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।
ঢাকার সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার বলেন, আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে হাইকোর্টের মোড় ছেড়ে দিলেও অবস্থান চলবে। আমরা রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান করব। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ না নিয়ে আমরা বাসায় ফিরব না বলে ব্রিফিং করে ঘোষণা দিয়েছি।
এর আগে নিজ নিজ কলেজের ক্যাম্পাস থেকে নীলক্ষেত মোড়ে জড় হয়ে মিছিল সহকারে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম চলছে।
গেল ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা ‘স্কুলিং’ কাঠামোতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারাদেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসেবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মতো মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তারা কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে ‘অধিভুক্তিমূলক কাঠামোতে’ নতুন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, সাত কলেজের আন্দোলনে বিভক্তি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রবিবার দুপুর থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাত কলেজের একদল শিক্ষার্থী। নিয়েছেন কড়া অবস্থান। অন্যদিকে কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছেন ঢাকা কলেজসহ একাধিক কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। গতকাল তারা কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকার সড়কে বিক্ষোভ করেছেন।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে দাবি করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে গতকাল বিক্ষোভ করেন পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়ক মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।