ফের বাড়লো সয়াবিন তেলের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে ৬ ও ৭ টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরেই তেলের নতুন মূল্য সমন্বয়ের জন্য ব্যবসায়ীরা চেষ্টা করছিলেন। সবশেষ গত মাসের ১০ তারিখে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে এক চিঠি পাঠিয়ে ব্যবসায়ীরা জানায়, তারা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়াবেন। তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এতে সায় দেননি। পরে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে ট্যারিফ কমিশনের মূল্য সমন্বয়ে তেলের নতুন দাম নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *