সুনেরাহ ও রেহানের ‘ও জান’

হিমালয়ের কোলে, তুষারে মোড়া এক স্বপ্নের শহর- নেপালের মুস্তাং জেলার জমসম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উঁচু এই শহর বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং গন্তব্য। এবার সেই ছবির মতো সুন্দর জমসমেই ক্যামেরাবন্দি হলো ঢাকাই শোবিজের নতুন রোমান্টিক জুটি।

মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের হাড়কাঁপানো ঠাণ্ডায় নেপালে শুটিং করলেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহান। ‘ও জান’ শিরোনামের এই মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় ধরা দিলেন তারা। ব্যতিক্রমী লোকেশন আর সিনেমাটিক ভিজ্যুয়ালের কারণে শুটিং অভিজ্ঞতাটিও ছিল পুরো টিমের জন্য একেবারে আলাদা।

‘ও জান’ মূলত গত বছরের আলোচিত গান ‘ময়না’র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সুরে এসেছে নতুন মাত্রা- ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকনের যৌথ সৃষ্টিতে। সংগীতায়োজনও আভ্রালের। নির্মাণে আবারও আছেন তানিম রহমান অংশু।

শুটিং শেষে অভিজ্ঞতার কথা জানিয়ে সুনেরাহ বলেন, ‘জমসম যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। ঠাণ্ডা ছিল ভয়ংকর, কিন্তু জায়গাটার সৌন্দর্যের কাছে সব কষ্ট হার মেনেছে। তার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গল্প নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন।’

নির্মাতা তানিম রহমান অংশু জানান, বাংলাদেশ-ভারত-নেপালের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই মিউজিক্যাল ফিল্ম। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে ‘ও জান’। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রত্যাশিত এই রোমান্টিক মিউজিক্যাল ফিল্মটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *