এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি ও স্থাপনা (জব্দকৃত) দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
রিসিভার নিয়োগে জব্দকৃত সম্পদের মধ্যে এস আলম চট্টগ্রামে ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি এবং আব্দুল হান্নানের খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৬৯৯.২৫ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। যার মূল্য ১৩ লাখ টাকা। একই এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৮২৩.৮৩ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। এর মূল্য ১৪ লাখ ৮৬ হাজার টাকা। ৩৭ লাখ টাকার তার স্ত্রীর নামে মিরপুরে ডিওএইচএস এ কমন স্পেস এবং বেইসমেন্টে কার পার্কিং স্পেসসহ ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেখ আব্দুল হান্নানের নামে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ২ দশমিক ৪২ শতাংশ জমি, ১ দশমিক ৫৭ শতাংশ জমি। মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে ৩২০ বর্গফুট জমির ওপর নির্মানাধীন ৭ তলা ভবন।
গত ১১ জানুয়ারি এস আলমের এসব জমি ও স্থাপনা জব্দের আদেশ দেন আদালত।
আজ দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন।
আর গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। তার এসব সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।