হুমকি পাওয়া সেই বিএনপি প্রার্থীকে তারেক রহমানের ফোন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়েছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদির মতো পরিণতি হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানমোবাইল ফোনে তাকে অভয় দিয়ে নির্বাচন করে যাওয়ার কথা বলেছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার-৪ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন একটি চিঠি বাড়িতে দিয়ে যান। চিঠি খুলে দেখতে পান, সেখানে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না দাঁড়ালে হত্যা করা হবে। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত করা রয়েছে।

চিঠিতে উল্লেখে করা হয়েছে, ‘জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিনতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারীতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

শাহজাহান চৌধুরী জানান, কক্সবাজার সদরের ডাকঘর থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন।

এদিকে বিষয়টি অবহিত হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মোবাইলে ফোন করে কথা বলেছেন শাহজাহান চৌধুরীর সঙ্গে।

শাহজাহান চৌধুরী জানান, ফোন করে তিনি (তারেক রহমান) এ ধরণের হুমকিতে সাহস না হারানোর জন্য বলেছেন। নির্বাচনের মাঠে পুরোদমে কাজ করতে নিদের্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *