সারা দেশে জমা পড়েছে ২৫৮২টি মনোনয়নপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সারা দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনে গড়ে ৮টির বেশি মনোনয়নপত্র জমা পড়লো।

সোমবার নির্বাচন কমিশন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বে কোন আসনে কতজন এবং মোট কতটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা এখনো বিস্তারিত জানায়নি ইসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলে ২৩টি সংসদীয় আসনের বিপরীতে ১৯৪টি, কুমিল্লা অঞ্চলে ৩৫টি সংসদীয় আসনের বিপরীতে ৩৬৫টি, রাজশাহী অঞ্চলে ৩৯টি সংসদীয় আসনের বিপরীতে ২৬০টি, খুলনা অঞ্চলে ৩৬টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৬টি, বরিশাল অঞ্চলে ২১টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি সংসদীয় আসনের বিপরীতে ৩১১টি, সিলেট অঞ্চলে ১৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৪৬টি, রংপুর অঞ্চলে ৩৩টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বিকেল ৫টা। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর আগামী নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *