অমলতাসের কমলা রোদের
ছায়ে নুয়ে আসে-
পৃথিবীর সব সমরাস্ত্র
নিঃশব্দে আত্মসমর্পণ করে রক্ত, বারুদের অহংকার।
তুমি বলেছিলে একদিন-
আমি যুদ্ধ ভালোবাসি, ভালোবাসায় দৈন্যতা আমার কাছে শূন্যতার মতো যন্ত্রনাদায়ক।
তবু কি ভাবা যায় না-
মৃত্যু, ভয় আর রক্তের বদলে
একটা জীবন চড়ুই পাখির মতো-
যার ছোট্ট ঠোঁটে ক্ষুদ্র শস্যদানাতেও
অফুরন্ত সুখ।
দূরত্ব যতই গাঢ় হোক
যদি হাতের মুঠোয় থাকে
এক টুকরো সকাল-
রোদের আয়নায় সূর্যমুখী ঠিক খুঁজে পাবে নিজের প্রতিচ্ছবি।