জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈম। গেল ২৪ ডিসেম্বর প্রয়াত নন্দিত গীতিকার, চিত্রপরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে এই তারকা দম্পতির মেয়ে। পাত্র ইহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী শাবনাজ।
মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে শাবনাজ বলেন, ‘গত ডিসেম্বরে রাজধানীর গুলশান ক্লাবে মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠান হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। সবাই মেয়ে-জামাইয়ের জন্য দোয়া করবেন।’
এদিকে মেয়ের জন্য দোয়া চেয়ে নাঈম ফেসবুকে লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ-তাআলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।’
আরও লিখেন, ‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ-তাআলা যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।’
নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈম। মা-বাবার দেখানো পথ অভিনয়ে না এলেও বাটার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। আর ইতিমধ্যেই গান গেয়ে পরিচিতি পেয়েছেন মাহাদিয়া।