মনোনয়ন দেবে জাপা, পরিস্থিতি বিবেচনায় অংশ নেবে নির্বাচনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তবে পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে অংশ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর ধারণা ছিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। প্রশাসন নিয়ন্ত্রণে নেবে, নিরপেক্ষ হবে। কিন্তু তা হয়নি। সরকার প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে কোনো ধরনের সমঝোতাও হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা প্রমাণ করে, এখনো প্রশাসন ঢিলেঢালাভাবে কাজ করছে। নির্বাচনী পরিবেশ তৈরি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, সেইসঙ্গে নির্বাচন কমিশনও ব্যর্থ।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘নির্বাচন পূর্ববর্তী যে পরিবেশ ও কাঠামো তৈরি করা দরকার ছিল, সরকার তা তৈরি করতে চায়নি। স্বদিচ্ছার অভাবে তা পারেনি, নিয়তের অভাব ছিল। ঐকমত্য সৃষ্টির কথা থাকলেও জাতীয় পার্টিকে আলোচনার জন্য ডাকা হয়নি।সরকার উদ্যোগ নেয়নি। কমিশনও সেই চেষ্টা করেনি।’

তিনি বলেন, ‘সংকট মোচন না করে সংকট ঘনীভূত হতে যাচ্ছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ছকে করার চেষ্টা হচ্ছে। দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। অশনিসংকেত ও মিডিয়া ক্যু হওয়ারও সম্ভাবনা দেখছি।’

পাতানো নির্বাচন হওয়ার আশঙ্কার কথা জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘এরপরও জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে মনোনোয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে যদি প্রার্থীদের জীবনের হুমকি রয়েছে বলে মনে হয়, যদি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করবে জাপা।’

দলীয় প্রার্থীদের মনোনয়নের দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নিজস্ব অভ্যন্তরীণ তফসিল হয়েছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *