বিসিবির সভাপতি হওয়ার প্রস্তাবে রাজি আমিনুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধিত্বকারী বোর্ড পরিচালক হিসেবে তাকে নিয়োগের পরিকল্পনা রয়েছে, এরপর পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হবেন। এই দায়িত্ব আগামী অক্টোবরে নির্ধারিত বিসিবি নির্বাচন পর্যন্ত পালন করবেন তিনি।

আমিনুল ইসলাম বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন, বিসিবিতে অস্থায়ীভাবে কাজ করার বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছে। আইসিসি তাকে আশ্বস্ত করেছে যে, বিসিবিতে দায়িত্ব শেষ করে তিনি চাইলে আবার আইসিসিতে যোগ দিতে পারবেন।

জানা যায়, বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগের অনুরোধ করা হয়েছে। তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনাটা সরকারের জন্য কঠিন হতে পারে। কেননা ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিষয়ে আইসিসির কঠোর বিধিনিষেধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *