বিএনপির বিজয়ে তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন জানানো অব্যাহত

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড় জয় পাওয়ায় দলটিরচেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

নির্বাচনের ফলাফলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে অভিনন্দন জানানো শুরু করেন। এই অভিনন্দন বার্তা পাঠারো চলমান রয়েছে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্ট বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুইটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক।’

সরকার গঠনের রায় পাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির প্রেসিডেন্ট জারদারি এক বার্তায় বলেন, ‘বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শুভেচ্ছা। ভবিষ্যৎ যৌথ অগ্রগতিতে গণতান্ত্রিক অংশীদারত্ব জোরদারের আশা করে পাকিস্তান’।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বার্তার শুরুতেই সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশর জনগণ শুভেচ্ছা জানান। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তাদের এই অভাবনীয় নির্বাচনি বিজয়ে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি প্রকৃত অর্থেই গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের মানুষ নানা চড়াই-উতরাই ও অসাধারণ সব চ্যালেঞ্জ পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।’

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি ফেসবুকে দেওয়া বার্তায় অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বিএনপির বিজয়ে তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে আগামীতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। দুই দেশের অংশীদারিত্ব আগামী বছরগুলোতে নতুন সুযোগ সৃষ্টি করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও শুভেচ্ছা জানানো হয় দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে। ফেসবুক বার্তায় দূতাবাস উল্লেখ করে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

মার্কিন দূতাবাস নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছাবার্তায় মার্কিন দূতাবাস উল্লেখ করেছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

বার্তায় বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার।একইসঙ্গে বিএনপির ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *