তিন মাস পর বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ ৩ মাস পর ভারত থেকে ফের পেঁয়াজ আমদানির শুরু হয়েছে। সোমবার(১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরের পেঁয়াজের প্রথম চালান ৩১ নম্বর ট্রান্সশিপমেন্টইর্য়াডে প্রবেশ করেছে।

পেঁয়াজের আমদানিকারক প্রতিষ্ঠান সাতক্ষীরার মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ ও যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ।

আমদানি করা পেঁয়াজ ছাড়করণ প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল । তিনি জানান, আপাতত এ চালানে ৩টি ট্রাকে ৯০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে মাত্র ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

এদিকে আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে সাধারণ ক্রেতারা মনে করছেন।

সোমবার বেনাপোল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ১০৫ টাকা এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভারত থেকে আমদানির খবরে মোকামে দাম কমে যাওয়ার কারণে খুচরা বাজারেও কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এটি অল্প পরিসরে। প্রতিদিন ২০০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক ৩০-৬০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। সরকারের কাছে অনুরোধ পেঁয়াজ আমদানির জন্য আইপি (ইমপোর্ট পারমিট) উন্মুক্ত করে দেওয়া হোক। তাহলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।’

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *