তথ্য পেশার ভূমিকা নিয়ে ইডব্লিউইউ’র সেমিনার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ)-এর তথ্য অধ্যয়ন বিভাগ আয়োজিত ‘Information Profession at a Crossroads: Future Prospects’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং তথ্য পেশাজীবীরা অংশগ্রহণ করেন। তারা দ্রুতগতির প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে তথ্য পেশার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এস. এম. নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কুইন্স কলেজ, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (CUNY)-এর স্কুল অব ইনফরমেশন স্টাডিজ-এর চেয়ার প্রফেসর এমিলি ড্রাবিনস্কি উপস্থিত ছিলেন। তিনি বিশ্বব্যাপী তথ্য পেশার উদীয়মান প্রবণতা, পেশাগত চ্যালেঞ্জ এবং ডিজিটাল যুগে তথ্য পেশাজীবীদের ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন।

সেমিনারের শুরুতে তথ্য অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. দিলারা বেগম স্বাগত বক্তব্য দেন। তিনি বিশিষ্ট অতিথিদের ধন্যবাদ জানান এবং বিভাগটির একাডেমিক উৎকর্ষ ও তথ্য-প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীরা প্রফেসর ড্রাবিনস্কির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ভূমিকা, তথ্য প্রতিষ্ঠানে AI সংযোজনের চ্যালেঞ্জ ও নৈতিক উদ্বেগ, এবং উদীয়মান প্রযুক্তিগত পরিবর্তন মোকাবিলায় তথ্য পেশাজীবীদের সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করেন।

সেমিনারের সমাপনী বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর শামস রহমান সেমিনারের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যেন তারা প্রচলিত ধারা ছাড়িয়ে নতুন স্বপ্ন ও নেতৃত্বগুণে নিজেদের গড়ে তোলে। তথ্যের কৌশলগত ব্যবহার, সিদ্ধান্ত গ্রহণ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং সামগ্রিক সামাজিক অগ্রগতিতে তথ্য পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন তিনি।

প্রফেসর ড্রাবিনস্কির বাংলাদেশ সফর ৯ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। এই সময় তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লাইব্রেরি পরিদর্শন, অতিথি বক্তৃতা ও কর্মশালায় অংশগ্রহণ করবেন। এসব কার্যক্রম আন্তর্জাতিক গবেষক ও বাংলাদেশের তথ্য পেশাজীবীদের মাঝে সহযোগিতা জোরদার করবে এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (LIS) ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে চলমান আলোচনা আরও সমৃদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *