গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আলম হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
এদিকে বিকেলে যৌথবাহিনীর একটি গাড়িবহর গাজীপুর-২ নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বের হয়। মহড়ার পূর্বে বিকেলে আয়োজিত অপর আরেকটি ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নাজির এ তথ্য নিশ্চিত করেন।
মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নাজির।
তিনি জানান, সকাল থেকেই ব্যালট বাক্স প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গাজীপুর-২ আসনের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
এছাড়া প্রিজাইডিং কর্মকর্তাদের অবস্থান ও প্রস্তুতি যাচাই করতেই মূলত এই মোটরযান বহর নিয়ে পরিদর্শন করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।