কমানোর ১২ ঘণ্টার মধ্যে বাড়ল স্বর্ণের দাম, গড়ল রেকর্ড

কমানোর ১২ ঘণ্টা পার না হতেই ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ টাকা হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা দরে বিক্রি হবে।

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০টাকা নির্ধারণ করেছে বাজুস।

এর আগে গতকাল বৃহস্পতিবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। গতকাল প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা কমে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *