ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে একটি দল মানুষকে ধোঁকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন,তাদের অতীত কর্মকাণ্ডের মধ্যে কোনো ইনসাফ ছিল ন। গোপনে আমেরিকার সঙ্গে বসে তারা ইনসাফ বাস্তবায়ন করবে? গোপনে ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়ন করবে? এ ইনসাফ বাংলার মানুষ আর দেখতে চায় না।
রোববার দুপুরে লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ রেজাউল করীম এ কথা বলেন। জেলার কমলনগর উপজেলায় হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনের বালুর মাঠে এ সভা হয়।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, আমরা মোনাফেকদের সঙ্গে থাকি নাই। কারণ তারা স্পষ্ট বলেছে, ইসলামি শরিয়ায় দেশ চালাবে না। তারা ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। ক্ষমতায় যাওয়ার জন্য যারা নীতি বদলে ফেলতে পারে, ক্ষমতায় গেলে তারা নিজেদের স্বার্থই শুধু দেখবে। দেশ ও ইসলামের কল্যাণে কিছুই করবে না।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ এ জনসভার সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।