মেট্রোরেলের ছাদে কিশোর, চলাচল বন্ধ

রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

তিনি জানান, সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর এক কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল প্রথমে সাময়িক বন্ধ রাখা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রোরেল সচিবালয় স্টেশনে দাঁড়ালে দুই ব্যক্তি ট্রেনের ওপর উঠে পড়েন। বিষয়টি টের পেয়ে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। তাদের একজন ট্রেনের ছাদে উঠে কিছুক্ষণ ছিলেন। আরেকজন পালিয়ে গেছেন। এটা নাশকতার চেষ্টা কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমটিসিএল এক ঘোষণায় জানায়, সচিবালয়ের স্টেশনের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

পরে আজকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। রাত ৯টার পর এক বার্তায় বলা হয়েছে, আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *