আরাকান আর্মির কাছে জিম্মি ৭৩ জেলেকে ফেরত আনল বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নাফনদ ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় ধরে নিয়ে জিম্মি রাখা ৭৩ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ৭৩ জেলেকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল একই ঘাট থেকে সোমবার দুপুরে নাফনদের শূন্য রেখার উদ্দেশে যাত্রা করে। আরাকান আর্মি নাফনদের শূন্য রেখায় তাদের হস্তান্তর করে। পরে তাদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

‎তিনি বলেন, ‘আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর তাদের ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মি দাবি করেছে, এসব জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় আটক করা হয়েছিল।’ অন্যান্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

‎‎উল্লেখ্য, বিভিন্ন সময় নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছে। এদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *