জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১৩ ফেব্রুয়ারি দেশে নতুন সূর্য উদিত হবে। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশ চালাবে কীভাবে। ৫ আগস্টের পর তারা নিরীহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।
গতকাল শুক্রবার দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় নির্বাচনী জনসভায় জামায়াতের আমির এসব কথা বলেন। তিনি গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও ফরিদপুরে বিভিন্ন নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
বরিশাল : গতকাল সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা নিজেদের দল সামলাতে পারে না তারা দেশ চালাবে কীভাবে। তিনি বলেন, পাকিস্তানের বৈষম্য আচরণের কারণে মুক্তিযুদ্ধের সূত্রপাত। তার মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ। কিন্তু পৌনে চার বছর আবার শোষণ-নৈরাজ্য করল আওয়ামী লীগ। এরপর বারবার ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পরিবর্তনের পর আমরা কোনো নির্দোষ-নিরীহ মানুষকে হয়রানি করিনি। কিন্তু একটি বড় দলের লোক মামলাবাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আইডি হ্যাক বিষয়ে তিনি বলেন, মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। সত্য কখনও চাপা থাকে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল-২ আসনের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান,বরিশাল-১ আসনে প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান প্রমুখ।
পটুয়াখালী : জেলার পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে দুপুর পৌনে ১২টায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় নির্বাচন। গণভোটে সবাইকে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামী। আমরা গোলামী চাই না। আমরা আজাদী চাই। ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ বিদায় হবে। তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে মহান রব্বুলামিন যদি আমাদের সুযোগ দেন তা হলে আমরা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। ১৩ তারিখ নতুন সূর্য্য উদিত হবে।
জনসভায় সভপতিত্বে করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন মো. বাবর, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ঐক্যজোটের প্রার্থী পটুয়াখালী-১ সদর আসনের এবি পার্টির ঈগল প্রতীকের মেজর ডা. আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. মো. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ জমায়াতের প্রার্থী মো. শাহ আলম, পটুয়াখালী-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী ডা. মো. জহিরুল ইসলাম, বরগুনা-১ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ঝালকাঠি : জুমার নামাজের পর শহরের ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, যদি কেউ পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে আসে, তবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। মামলা করতে এলে বলবেন শফিকুর রহমানের নামেই মামলা করুন।
পিরোজপুর : বিকালে পিরোজপুর শহরের জিলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় দলের আমির বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করে দিলাম।’ তিনি বলেন, অপনাদের প্রিয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ জুলাই আন্দোলনের শহীদদের বিচার করার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। আগামী ১২ তারিখের নির্বাচন হবে নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান। পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদী ও পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।
নড়াইল : বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে দলের আমির বলেন, ‘আমরা সরকার গড়তে চাই না। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সব নাগরিকের বিজয় চাই।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির নড়াইল-২ আসনের জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং জামায়াত জেলা শাখার সেক্রেটারি নড়াইল-১ আসনের জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা শামসুর রহমান, খেলাফত মজলিসের নেতা কেন্দ্রীয় আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মহসিন আলী প্রমুখ।
বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আয়োজিত জনসভায় জামায়াতের আমির বলেন, আমরা সেই বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার কায়েম হবে। যেখানে সাধারণ কোনো মানুষ অপরাধের কারণে যে শাস্তি পাবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি একই অপরাধ করলে এ দেশের আইন তাকে ছাড় দিয়ে কথা বলবে না। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আবু হারিছ মোল্লা ও সঞ্চালনা করেন সদস্য সচিব শহিদুল ইসলাম।