রাজধানীর ভাটারা এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ভাটারার ১০০ ফিট সংলগ্ন নতুন বাজার এলাকায় অবস্থিত ওই মার্কেটে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়, রাত ৮টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। রাত ৮টা ২৩ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।