স্টার্লিংয়ের নেতৃত্বে বিশ্বকাপে আয়ারল্যান্ড

আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। গত আসরের মতো এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং।

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রাখা হয়েছে দুই টেক্টর ও অ্যাডায়ার ভাইদ্বয়কে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে খেলেছিলেন হ্যারি টেক্টর ও মার্ক অ্যাডায়ার। আসন্ন আসরে ভাইদের সঙ্গে খেলবেন টিম টেক্টর ও রস অ্যাডায়ার।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১২ জনকে এবারও দলে রেখেছে আয়ারল্যান্ড। টিম টেক্টর, রস অ্যাডায়ারের মতো প্রথমবার বিশ্বকাপে খেলবেন বেন ক্যালিটজ। এই তিনজনই আয়ারল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রস ১৩টি, টিম ৫টি ও কালিটজ ২টি ম্যাচ খেলেছেন। গত বছর নভেম্বরে বাংলাদেশ সফর করা দল থেকে মাত্র একটি পরিবর্তন এনে বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছে আইরিশরা। বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জর্ডান নেইল।

অধিনায়ক স্টার্লিংয়ের সঙ্গে ব্যাটিং বিভাগে আছেন লরকান টাকার, হ্যারি টেক্টর, তিন বোলিং অলরাউন্ডার- জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি ও কার্টিস ক্যাম্পার। এরমধ্যে স্পিনার ডকরেল ও ডেলানি। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে ম্যাথু হামফ্রিজ ও বেন হোয়াইটকে। দলে বিশেষজ্ঞ পেসার আছে চার জন। তারা হলেন- ক্রেইগ ইয়ং, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *