খালেদা জিয়ার আপসহীনতায় দুই স্বৈরাচারী শাসক পদত্যাগে বাধ্য হয়েছেন: ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার জন্য দুজন স্বৈরাচারী শাসক পদত্যাগে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার। নলছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় বেগম খালেদা জিয়ার স্মরণে উপজিলা বিএনপির আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি হেলাল খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী এলেন ভূট্টো ও ঝালকাঠি-১ আসনের এমপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে ৭ হাজারের বেশি নারী-পুরুষ অংশ নেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে সৌজন্যপূর্ণ রাজনীতি করতে হয়, কীভাবে ধৈর্য এবং সহিষ্ণুতা বজায় রেখে রাজনীতির মাধ্যমে জনগণের পাশে থাকতে হয়। তিনি আপসহীন চিত্র গড়ে তুলেছিলেন, যা বাংলাদেশে তার এক অনন্য রাজনীতিক স্থানে প্রতিষ্ঠিত করেছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ত্যাগের ফলে তিনি শুধু বিএনপি নয়, দেশের সকল দলের মানুষের কাছে শ্রদ্ধেয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।’

তিনি বলেন, ‘দুই স্বৈরাচারী শাসক জেনারেল এরশাদ এবং শেখ হাসিনা- বেগম জিয়ার আপসহীন অবস্থান এবং রাজনৈতিক দৃঢ়তায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বেগম জিয়া শুধু দেশের রাজনৈতিক নেতৃত্বই ছিলেন না, তিনি মানবিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার নেতৃত্বে, দেশের মেয়েদের শিক্ষায় খাদ্য সহায়তা এবং নগদ সহায়তার মাধ্যমে শিক্ষা নিয়ে আসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং টিকা দেওয়ার প্রোগ্রামের মাধ্যমে দেশের শিশুদের পুষ্টি উন্নয়নসহ অনেক গুরত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।’

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘বেগম জিয়া এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনুসরণ করে এবং বিভিন্ন দেশের উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন অধ্যয়ন করে তার ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছেন। এই পরিকল্পনায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, পরিবেশ, খাল ও নদী খনন, গাছপালা রোপণ, ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা এবং খতিব, ইমাম ও মুজ্জিনদের জীবনযাত্রা উন্নত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে বিএনপি এই সব খাতে ইনোভেটিভ এবং সংস্কারমূলক প্রকল্প গ্রহণ করবে এবং ভবিষ্যত প্রজন্মকে একটি আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে।’

ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এলেন ভূট্টো তার বক্তব্যে শোক সভার গুরুত্ব ও বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীকত প্রার্থী রফিকুল ইসলাম জামালও বক্তব্যে দেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের বিষয়ে তার মতামত দেন।

এ সভায় উপস্থিত সবাই বেগম খালেদা জিয়া এবং তার সংগ্রামী জীবনকে স্মরণ করে এবং তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *