বিপিএলে তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি ৬ উইকেটে হারায় নোয়াখালী এক্সপ্রেসকে। বিপরীতে, টুর্নামেন্টে টানা তিন ম্যাচেই হেরে হতাশায় ডুবল নোয়াখালী।
সবুজ উইকেটে দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালীকে মাত্র ১২৪ রানে আটকে দেয় রাজশাহী। ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে ম্যাচের নায়ক ছিলেন ২২ বছর বয়সী পেসার রিপন মন্ডল। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এর আগে তার সেরা বোলিং ছিল ২৪ রানে ৪ উইকেট।
নোয়াখালীর ইনিংসে কোনো জুটিই ৩০ রানের গণ্ডি ছুঁতে পারেনি। হায়দার আলির ২৮ বলে ৩৩ রানই ছিল সর্বোচ্চ। বাকিদের ব্যর্থতায় শুরু থেকেই চাপের মধ্যে পড়ে যায় দলটি। সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম ও জাকের আলিরা ইনিংস গড়তে ব্যর্থ হন। শেষদিকে রিপনের দ্বিতীয় স্পেলের ধাক্কায় একেবারেই ভেঙে পড়ে নোয়াখালী, শেষ পর্যন্ত থামে ১২৪ রানে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। তবে তানজিদ হাসান ও অধিনায়ক শান্তর আগ্রাসী জুটিতে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ৩৮ বলে ৬৫ রানের এই জুটিতে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায় নোয়াখালীর। শান্ত ২০ বলে ২৪ ও তানজিদ ২০ বলে ২৯ রান করেন।
মাঝে কিছু উইকেট হারালেও অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ইয়াসির আলি চৌধুরির দায়িত্বশীল ব্যাটিংয়ে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। মুশফিক ৩০ বলে ২৮ ও ইয়াসির ২৬ বলে ২৩ রান করে দলকে ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ে টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্সের আত্মবিশ্বাস আরও বাড়ল, আর নোয়াখালীর জন্য বাড়ল চিন্তার ভাঁজ।